অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে লালমনিরহাটের কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানের ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাকিনা এলাকায় অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে কাকিনা কবি বাড়ি সংলগ্ন মেসার্স সালমান বেকারিকে ৪০ হাজার টাকা এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কাকিনা বাজারস্থ টিপু সুলতান গুল ফ্যাক্টরির মালিককে ২০ হাজার ও কাকিনা রেলস্টেশনের পাশে মেসার্স খান ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করে দেয়া হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত হতে থাকলে তাদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সালমান বেকারিতে খাদ্য পণ্য তৈরি এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করায় শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন জীবনহানিকর রোগে আক্রান্ত কাকিনা এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। তিনি আরো জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।