ট্রাক ভাড়া নিয়ে ধানবোঝাই পণ্য আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১০ আগস্ট) রাতভর ঢাকার নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চলতি বছরের ২ জুলাই লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ‘মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স’ থেকে ধানবোঝাই একটি ট্রাক ভাড়া করা হয়, যা দিনাজপুর জেলার বটতলীর ‘স্নেহা অটো রাইস মিল’-এ পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে এবং মালামালসহ উধাও হলে
মেসার্স শুভেচ্ছা ট্রেডার্সের মালিক নাজিম উদ্দিন ৪ জুলাই কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার ডিবি পুলিশের হাতে ন্যস্ত হয়।
তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ভুয়া ট্রাক ভাড়া চুক্তি করে এবং পরিকল্পিতভাবে পণ্য আত্মসাৎ করে দ্রুত বিক্রি করে দেয়। প্রযুক্তিগত সহায়তায় রবিবার রাতে অভিযানে খুলনা সিটি কর্পোরেশন এলাকার মৃত ইদ্রিস আলী মুন্সির ছেলে মো. জাহিদুল মুন্সী (৪০), ঢাকা জেলার ডেমরা থানার মৃত ধনু মিয়ার ছেলে রবিউল ইসলাম (৫৮) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার মৃত ওছমান আলীর ছেলে আব্দুর রহমান হাওলাদার (৫৪)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে প্রতারণার ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়, যার নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩১৬৩, ইঞ্জিন নম্বর BS91450142163364866, এবং চেসিস নম্বর MAT395011E2R10822।
লালমনিরহাট ডিবি’র অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে পণ্য আত্মসাৎ করত এবং তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য পাওয়া গেছে, যা দিয়ে চক্রের বাকি সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “এ চক্রের মূল সদস্যদের গ্রেপ্তার করা হলেও তদন্তে আরও কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। ব্যবসায়ী ও পরিবহন খাতের সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, ডিবি পুলিশের এই সফল অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন প্রতারণা রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।