গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশের বক্তারা বলেন,পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। লালমনিরহাটেও সাংবাদিক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কট করবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে,দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে।এজন্যেই সাংবাদিকরা আজ মব জাস্টিস এর শিকার হচ্ছে, সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে,হত্যা করা হচ্ছে ।
যারা অন্যায় ও দুর্নীতির সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন, ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন মিডিয়া ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান লাডলার সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক শেখ আব্দুল আলিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাহফুজার রহমান, স্টার নিউজ জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, গাজি টিভির আলতাফুর রহমান,দৈনিক মুক্তির সম্পাদক নুর আলমগীর অনু,লালমনিরহাট বার্তার ওসমান গনি, কালবেলার প্রতিনিধি নুরুল ফেরদৌস আমার সংবাদ প্রতিনিধি সাজু মিয়া,বাংলাদেশ মিডিয়ার মোসলেম উদ্দিন রনি,বাংলাদেশ সকালের আলআমিন বাবু প্রমুখ।