প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মানব কল্যাণ সংস্থা আয়োজন করেছে বৃক্ষরোপণ, চারা বিতরণ, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ৯ আগস্ট (শনিবার) বিকেলে কালীগঞ্জের মানব কল্যাণ সংস্থা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ফজলুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন), লালমনিরহাট সুকান্ত সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক, দইখাওয়া আদর্শ কলেজ আব্দুস সালাম; প্রভাষক, লালমনিরহাট সরকারি কলেজ মাহবুবুর রহমান; জুনিয়র অফিসার (হিসাব), বিআরডিবি, কালীগঞ্জ জাহাঙ্গীর আলম সামীম; সহকারী প্রধান শিক্ষক, শাখাতী উচ্চ বিদ্যালয় শ্রী রতন কুমার রায়; সাবেক ইউপি সদস্য, ২নং মাদাতি ইউনিয়ন পরিষদ আফতাবুজ্জামান দুলাল; এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী আবুল কালাম।
দিনের শুরুতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপস্থিতদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি সুকান্ত সরকার বলেন, “আমাদের সমাজে অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবতার মহৎ দায়িত্ব। মানব কল্যাণ সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ সহায়তা ও মানবিক কাজে যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও জীবিকার অন্যতম উৎস, আর কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা সমাজকে জ্ঞান ও নৈতিকতার পথে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক এবং বিভিন্ন স্কুল-কলেজের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশ সুরক্ষা, শিক্ষা সহায়তা, দরিদ্র মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করছে। সংস্থাটি বৃক্ষরোপণ, শিক্ষাসামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি ও নানা সামাজিক সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।