গাজীপুরে খুন, সন্ত্রাস ও স্বৈরদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মানবতার রাজনীতির আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে মানবতা-ভিত্তিক রাজনৈতিক দল ‘ইনসানিয়াত বিপ্লব’। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মবসন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার ঢাকায় কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার।
মানববন্ধনে প্রেরিত এক বাণীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতা বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র।”
তিনি অভিযোগ করে বলেন, দেশে চলমান খুন, দস্যুতা, চাঁদাবাজি, দুর্নীতি ও মবসন্ত্রাসের পেছনে রয়েছে ধর্মের নামে অধর্ম প্রচারকারী উগ্রবাদী সাম্প্রদায়িক স্বৈররাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈরদস্যুতার ধারক ক্ষমতালোভী সন্ত্রাসী রাজনৈতিক গ্যাং। সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি ব্যতীত জীবনের সুরক্ষা ও নিরাপদ সমাজ-রাষ্ট্র গঠন সম্ভব নয়।
আল্লামা ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি মানুষকে সত্য ও মানবতার শত্রু, হিংস্র ও অমানবিক করে তোলে। একক ধর্ম বা জাতীয়তার নামে মানবতা-বিধ্বংসী রাজনীতিই বিশ্বজুড়ে খুন, জুলুম ও দুর্দশার মূল উৎস।
তিনি আরও বলেন, “সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা—যেখানে সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে—সে নীতির ভিত্তিতেই সর্বজনীন মানবতার রাষ্ট্র গঠন সম্ভব। একমাত্র এই পথেই একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির খুন-সন্ত্রাস ও দস্যুতার হাত থেকে জীবন ও রাষ্ট্রকে রক্ষা করা যাবে।”
সাংবাদিক তুহিন হত্যার বিচার ও খুনী চক্রের সবার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আল্লামা ইমাম হায়াত। পাশাপাশি তিনি তুহিনের জন্য দয়াময় আল্লাহ তাআলার মাগফিরাত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করেন।
অপরাধী রাজনৈতিক চক্রের মুখোশ উন্মোচন করে সমাজ ও দেশ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মত্যাগকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি গাজীপুরে তার নামে একটি সড়ক বা শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের দাবি জানান।