র্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে লালমনিরহাটে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ২৯৫ বোতল ফেন্সিডিলসদৃশ মাদকদ্রব্য এস্কাফ (ঊঝকঁভ) উদ্ধার করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে দেশব্যাপী নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আফজালনগর গ্রামে, তিস্তা ব্রিজ সংলগ্ন লালমনিরহাটগামী পাকা রাস্তার উপর। র্যাব সদস্যরা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২৯৫ বোতল এস্কাফ উদ্ধার করে।
এ ঘটনায় মোঃ মিজানুর রহমান (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফপ্তারকৃত মাদক ব্যবসায়ী রংপুর জেলার কাউনিয়া থানার নাজিরদহ চক্রপানি এলাকার আব্দুল কাদেরের ছেলে। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।