রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ বালুর পয়েন্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এই মামলায় নুর মোহাম্মদ (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের সাতানী শেরপুর ছিটমহল এলাকার বাসিন্দা ও লিয়াকত আলীর ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকার দুই শিশু—জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) এবং আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান (৭)—মঙ্গলবার (৫ আগস্ট) বিদ্যালয় বন্ধ থাকায় খেলতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
বহু খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বালুর পয়েন্টে স্থানীয়রা মারুফ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে। তার গলায় রশি পেঁচানো ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একই স্থানে তল্লাশি চালিয়ে অপর শিশু আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার রাতে নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, বালুর পয়েন্টটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।