রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স এর উপর আরোপিত উৎস কর প্রত্যাহার ও হোল্ডিং ট্যাক্স’’ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা


প্রকাশ :

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ‘‘রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স এর ওপর আরোপিত উৎসকর প্রত্যাহার ও হোল্ডিং ট্যাক্স’’ সংক্রান্ত বিষয়ে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সাথে রংপুর মেট্রোপলিটন চেম্বার, রংপুর উইমেন চেম্বার ও সর্বস্তরের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, রংপুর উইমেন চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, রংপুর জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ প্রায় ৭০টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম পটু, রংপুর উইমেন চেম্বারের সভাপতি মিসেস শাহনাজ পারভীন, রংপুর চেম্বারের সহ সভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, রংপুর চেম্বারের সহ সভাপতি ও দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আজিজ খান, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বাস টার্মিনাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন-অর-রশিদ, রংপুর উইমেন চেম্বারের পরিচালক গুলশান আরা ইয়াসমিন,  মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও মেট্রো চেম্বারের পরিচালক সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, সার্জিক্যাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেট্রো চেম্বারের পরিচালক মোঃ মাসুদ রানা, জিপিসি বস্ত্র ব্যবসায়ী সমিতির আব্দুল মুকিদ, রংপুর জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, মটর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, মাহিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর চেম্বারের পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের উপর ব্যবসায়ীদের অন্যান্য ফি’র সাথে দুই হাজার টাকা হারে উৎস কর আদায় করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আয়করের আওতায় পড়ে না তাদেরও আয়কর দিতে হচ্ছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি  করেছে। বর্তমানে প্রেক্ষাপটে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক, শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। তাই উৎস করের বোঝা ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই উৎসকর প্রত্যাহারের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক এর সদয় হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ, হোল্ডিং ট্যাক্স এর পরিবর্তে দোকান ঘরের ভাড়াটিয়া চুক্তিপত্র দেখে ট্রেড লাইসেন্স নবায়ন করার অনুরোধ জানান। 

রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন বলেন, ব্যবসায়ীরা একাধারে বিনিয়োগকারী, ঝুঁকি গ্রহণকারী, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং সর্বোপরি দেশের দ্রব্য ও সেবা সরবরাহকারী। যে দেশ যত ব্যবসাবান্ধব, সেই দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার উদ্যোক্তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় সব ব্যবসার ক্ষেত্রেই নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে অংশীজনের সাথে আলোচনা না করেই সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স এর উপর  ২ হাজার টাকা উৎসে করের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স এর বিষয়টি চাপিয়ে দেয়া হয়েছে-যা কোন ব্যবসায়ীর পক্ষে মেনে নেয়া যায় না । 

উল্লেখ্য, মত বিনিময় সভায় পরবর্তী কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি উৎস কর প্রত্যাহার ও হোল্ডিং ট্যাক্সের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবে।