লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা প্রশাসন।
সকাল ৯টায় লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে ২৪ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহিদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতা একেএম মমিনুল হক ও ছাত্র সংগঠনের নেতা হামিদুর রহমান।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলন দেশের ইতিহাসে একটি সাহসী পদক্ষেপ। শহিদদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মান জানানো হয়।
দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা পরিষদের উদ্যোগে কালেক্টরেট মাঠে আয়োজন করা হয় ‘জুলাই কনসার্ট’।
এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস, টঙের গান ও নাদিয়া আফরীন মৌরী।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শহিদদের প্রতি শ্রদ্ধা, আন্দোলনের স্মৃতি ও আগামীর স্বপ্ন।