লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”। শনিবার বিকেলে লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মীর লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আতাউর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জাকিউল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন রংপুরী, ইয়ার আলী, সাংবাদিক আনিছুর রহমান লাডলা, হাই হাফিজ, আজিজুর রহমান, ড. হাসানুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক সরমিন আরা হক বীথি, সহ-সভাপতি ইশরাত জামিল তরু, আব্দুছ সালাম, ইয়ামিন বসুনিয়া, জেসমিন নাহার বেগম, আজমেরী পারভীন লাবনী, নাজিরা পারভীন, জামাল হোসেন, আইটিএম অন্তরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কবিদের কণ্ঠে ছড়া ও কবিতা পাঠ পরিবেশিত হয়। পাশাপাশি “অনিবার্য বিপ্লব” শীর্ষক একটি গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ সরকারের ইয়ুথ ভলান্টিয়ার ২০২৫ স্বীকৃতি প্রাপ্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।