পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) নির্বাচন পদ্ধতি সরাসরি গণপ্রতিনিধিত্বকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, “পি আর নির্বাচন মানে 'Public Rejected'। এই পদ্ধতিতে জনগণ সরাসরি তাদের নিজস্ব সংসদ সদস্য নির্বাচনের অধিকার হারায়, ফলে এটি একটি অগণতান্ত্রিক ব্যবস্থা।”
শনিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আল্লামা ইমাম হায়াত বলেন, “পি আর পদ্ধতিতে জনসাধারণ প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কেবল দলীয় তালিকায় নাম থাকা ব্যক্তিরাই সুযোগ পায়। এতে ব্যক্তি দায়বদ্ধতা থাকে না এবং জনগণ অসহায় ও ক্ষমতাহীন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “ক্ষমতাসীন কিন্তু দায়িত্বহীন অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের মদদপুষ্ট চক্র দেশ ও জনগণের বিরুদ্ধে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও গোষ্ঠীগত আধিপত্যের মাধ্যমে দেশকে খুনতন্ত্র ও ভয়ের রাজত্বে পরিণত করা হয়েছে।”
মানবিক ও অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার উপর জোর দিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, “মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন হয়ে পড়ে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির খেলা। এর ফলে জনগণের বাস্তব কোনো অংশগ্রহণ থাকে না। তাই এস্তোনিয়ার আদলে মোবাইল ফোনের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে ঘরে বসেই ভোট দেয়ার ডিজিটাল পদ্ধতি চালু করা উচিত।”
তিনি দাবি করেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর নিরাপদ ভোটিং ব্যবস্থা চালু হলে দেশের ভিতরে এবং বাইরে থাকা সব ভোটাররাই নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।