বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদের আমি অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা অনেক ভালো, সেটা করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।
দেশ যেভাবে চলছে, তাতে জনগণ সন্তুষ্ট নয় দাবি করে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়! ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।স্বাধীনতার ৫৪ বছর, পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুরে জামায়াতের প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে অনুষ্ঠিত সভায় নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, মাইলস্টোন স্কুলে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের ধারনা শতাধিক মানুষ নিহত হয়েছেন। যদিও এখনও এর প্রকৃত সংখ্যা জানা যায়নি। তবে এঘটনায় নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানান।আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমাদের সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিহতা অব্যাহত থাকবে। অর্থ রক্ত যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।
শফিকুর রহমান বলেন, ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষকে ভালোবাসা, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করার। যারা এটা পারবেন, তারা রাজনীতিতে আসেন।
শফিকুর রহমান বলেন, এমন একটা বাংলাদেশ চাই, যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যে বাংলাদেশে কেউ ঘুষ নেবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই।
তিনি বলেন, জাতি ও বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলেছি, জামায়াত ইসলামী থেকে আগামী দিনে মহান মাবুদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসা ও সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পাই, আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন, আগামী দিনে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না।
এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আগে ঘর সামলাই, তারপর বাইরও সামলাব ইনশা আল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেব না, কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদের ভেতরে, রাজপথে, গর্জন করব আপনাদের সঙ্গে নিয়ে।
এর আগে পাবনা থেকে হেলিকপ্টারযোগে মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন জামায়াতে ইসলামীর আমির। সেখানে ঢাকায় জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন।এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন জামায়াতের রংপুর মহানগরীর রোকন কৃষিবিদ শাহ আলম।মঙ্গলবার বিকেলে নিহতের গ্রামের বাড়ি মোমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়ায় কবর জিয়ারতে আসেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশলবিনিময় করেন।