লালমনিরহাটের কালীগঞ্জে সহকারী কমিশনার(ভূমি) পদটি ৬ মাসাধিক ধরে শূন্য রয়েছে। জনগুরুত্ব এ পদে এ্যসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে পরেছে সেবা গ্রহিতারা
দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়ে আসছে। পাশাপাশি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও থমকে গেছে। ফলে, অপরাধ প্রবনতা বেড়ে গেছে আশংকা জনক হারে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এসিল্যান্ড দিতী রায় উচ্চ শিক্ষা লাভের জন্য ছুটি নিয়ে বিদেশে চলে গেছেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নিশ্চিত করেছেন। তিনি এ্যাসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকলেও নিজের দফতর সামলাতেই তিনি হিমশিম খাচ্ছেন। সঙ্গত কারণে কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভূমি সেবা না পেয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, প্রায় দুই মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কবে নাগাদ কাজটি সম্পন্ন হবে। শুধু সাধারণ জনগণই নন, দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন। সঠিক সময়ে নামজারি না হওয়ায় দলীল সম্পাদনে বিলম্বিত হচ্ছে। ভুক্তভোগী কয়েকজন দলিল লেখক বলেন, প্রতিদিন কালীগঞ্জ এলাকায় প্রচুর জমি কেনাবেচা হয়। কিন্তু,নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এ্যসিল্যান্ড না থাকায় এসব কাজ আটকে আছে।
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উপজেলার অধীন ইউনিয়ন ভূমি অফিস রয়েছে ৮ টি। এসব ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় এ্যাসিল্যান্ড কর্তৃক । কিন্তু দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে চরম ভাবে। ভোটমারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, প্রায় দুই মাস ধরে এ্যসিল্যান্ড না থাকায় নামজারি ও জমাখারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না, তাদের বোঝানোও কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে অফিসার পদায়ন করতে জেলা প্রশাসককে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে ।