আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাজারো শিক্ষার্থী।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১ টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছায়।এসময় শিক্ষার্থীরা, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই”; “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”; “স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান”; “ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে”; “দালালী না রাজপথ, রাজপথ রাজপথ”; “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা”; “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”; “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ব্যানারে একটি মিছিল আদালত চত্বরে আসে। তারা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন শুরে করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের এসে পৌঁছায়। তাদের ঘেরাও কর্মসূচিতে সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো হাইকোর্ট প্রাঙ্গণ।