রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের উদ্যোগে চাকুরী মেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, এনজিওবিষয়ক ব্যুরো’র মহাপরিচালক দাউদ মিয়া। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউসেপের পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, মোতাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, কমিউনিটি মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মিরাজুল ইসলাম, সুজন মহানগনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষক আজহারুল ইসলাম দুলালসহ অন্যরা।
চাকুরী মেলায় ২০টি স্থানীয় ও দেশীয় কোম্পানীতে চাকুরীতে আবেদন ও সাক্ষাতকার প্রদান করেন ১২’শ জন চাকুরী প্রত্যাশী। এরমধ্যে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী ৯ শ' জনের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়।
এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক দাউদ মিয়া বলেন, এনজিও গুলো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মেলা শিক্ষিত বেকারদের জন্য একটি চমৎকার সুযোগ। চাকুরীর সাক্ষাতকার দিয়ে সরাসরি কোম্পানীতে তাদের কর্মসংস্থান হবে। এভাবে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান এগিয়ে এসে শিক্ষিত জনশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে।