লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (জিগাঘাট) গ্রামে র্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও ইস্কাফসহ মোকছেদুল হক ওরফে মক্কু (৩৭) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
র্যাব সদস্যরা অভিযানে মোকছেদুল হকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ৪১ বোতল ফেন্সিডিল এবং অপর একটি সাদা বস্তায় থাকা ২৬৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করেন।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।