রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী


প্রকাশ :

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৭ জুলাই) বিকেলে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী।

দীর্ঘদিন ধরে ভাঙন ও দ্বন্দ্বে জর্জরিত জাতীয় পার্টিতে সম্প্রতি আবারও অভ্যন্তরীণ বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। গত ২৮ জুন জাতীয় সম্মেলনের ঘোষণা দেন জিএম কাদের। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদের একাংশ নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেয়।

বিশেষ করে দলীয় কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদে আগ্রহ প্রকাশ করলে কাদেরপন্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে বিদ্রোহী অংশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুও।

এমন পরিস্থিতিতে ‘ভেন্যু জটিলতা’ দেখিয়ে ২৮ জুনের জাতীয় সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। যদিও আনিসুল ইসলাম মাহমুদের বলয় সম্মেলন অনুষ্ঠানে অনড় ছিল, তবে শেষ মুহূর্তে তারা পিছু হটে এবং কাদেরকে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন আয়োজনের আলটিমেটাম দেয়। অন্যথায় পাল্টা কাউন্সিল ডেকে নতুন কমিটি গঠনের হুঁশিয়ারিও দেয় তারা।

স্বৈরশাসক খেতাব পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকেই একাধিকবার ভাঙনের মুখে পড়েছে। ১৯৯০ সালের গণআন্দোলনে এরশাদের পতনের পর দলটি একাধিকবার বিভক্ত হয়। সর্বশেষ ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর ২০২৪ সালের ২০ এপ্রিল তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে দলটি ভেঙে যায়।

নতুন মহাসচিব নিয়োগের মাধ্যমে জিএম কাদের নেতৃত্বাধীন অংশ জাপার নেতৃত্ব ধরে রাখার কৌশল নিলেও, বিশ্লেষকরা মনে করছেন, সময়মতো সম্মেলন না হলে আবারও দল ভাঙনের মুখে পড়তে পারে।