লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব নামে একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। গত ৬ মার্চ ২০২৫ তারিখে হাতীবান্ধা থানায় সাংবাদিক আব্দুর রহিম একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত সিন্দুর্না ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোশারফ খানের ছেলে মাহফুজার রহমান বিপ্লবকে শুক্রবার বিকেলে হাতীবান্ধা পারুলিয়া রোডের হলদীবাড়ি ডিএস তেল পাম্প এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গত ১৮ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের মিছিলের সংবাদ সংগ্রহ করার সময় আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা করে আওয়ামী লীগ। সেই হামলার ঘটনায় গত ৩ মার্চ ২০২৫ ইং তারিখে হাতীবান্ধা থানায় আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা মোশারফ খানের নাম থাকায় ৬ মার্চ সন্ধ্যার পর হাতীবান্ধা ফিলিং স্টেশনের সামনে সাংবাদিক আব্দুর রহিমকে ডেকে নিয়ে গিয়ে ১০/১২ জন ব্যক্তি হামলা করেন। পরে আব্দুর রহিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই মামলার প্রধান আসামি মাহফুজার রহমান বিপ্লবকে শুক্রবার বিকেলে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সাংবাদিকের উপর হামলাকারী এবং গত ২ জুলাই হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধাদানের মামলায় বিপ্লবকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।