রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার


প্রকাশ :
লালমনিরহাটের পাটগ্রামে চাঞ্চল্যকর এক হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে বগুড়া সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ১৭ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাটগ্রাম উপজেলার বেলীরবাড়ী এলাকায় রহিজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোঃ রহমত আলী ওরফে দুলু বাউ (৫৫) এবং মোঃ জসমত আলী ওরফে বড় বাউ (৬০)—দুই সহোদরকে এজাহারভুক্ত আসামি করা হয়। তাদের গ্রামের বাড়ি পাটগ্রাম উপজেলার বেলীরবাড়ী গ্রামে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহত রহিজ উদ্দিনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল আসামিদের। ঘটনার দিন তারা ভিকটিমের জমিতে জোরপূর্বক গাছ লাগাতে গেলে বাধা দেন রহিজ উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি গুরুত্ব পায়। পরে র‌্যাব-১৩ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে।

পরে ৩০ জুন রাত ১১টা ৫৫ মিনিট এবং ১ জুলাই রাত ২টা ১৫ মিনিটে বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রহমত আলী ও জসমত আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পরস্পর সহোদর এবং হত্যাকাণ্ডের মূল আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।