বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্যাম্পেইনে রংপুর আদালত চত্ত্বরকে ধুমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, ধুমপান ও মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ ঘোষণা দেন। এনিয়ে প্রচারণার পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করার কথা জানান তিনি।
মাপার প্রধান নির্বাহী অ্যাড. এএএম মুনীর চৌধুরীর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিখ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।মানবাধিকার ও পরিবেশ আন্দোলন- মাপা, আরডিআরএস ও বাংলাদেশ মহিলা পরিষদআয়োজিত ক্যাম্পেইনে বিচারকৃবন্দ, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে সকল নাগরিককে সচেতন হতে হবে। বিশেষ করে প্লাষ্টিকের মাধ্যমে আমাদের পরিবেশ ও প্রাণিকূল বিপন্ন হতে চলেছে। তাদের রক্ষায় প্লাষ্টিকের ব্যবহার শুণ্যের কোঠায় নামিয়ে আনতে হবে। প্লাষ্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধে অভিযান করতে হবে। এছাড়া ধুমপান ও মাদকের বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে। এরপর আদালতের পুকুর পাড়ে ফলদ গাছের চারা রোপন করেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।