কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় “ডাকাতের গুলিতে” সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩)। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সামি-উদ-দৌলা চৌধুরী।
সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ ছয়জনকে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, “সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টার দিকে সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান”
তিনি আরও বলেন, “সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়েছে। আর নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
এলবি/রি