বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ লালমনিরহাট-বুড়িমারী হাইওয়ে রাস্তায় বিভিন্ন স্থানে দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রোজ সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা। রোজ সংস্থার সভাপতি মোঃ শফীকুল ইসলাম বলেন, “আমরা চাই আমাদের মাতৃভূমি সারা বাংলাদেশ সবুজে ভরে উঠুক। এই গাছগুলো ভবিষ্যতে অক্সিজেনের পাশাপাশি ফল দেবে, যা স্থানীয়দের জন্য উপকারী হবে। আমরা সারা দেশে গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, উত্তর বাংলা কলেজ, কাকিনা। তিনি বলেন, “সবুজায়ন শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। আমরা এই ধরনের উদ্যোগকে সর্বাত্মক সমর্থন দেব।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী কাকিনা মহিমা রঞ্জন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, “আমরা গাছ লাগিয়ে খুব আনন্দ পেয়েছি। এই গাছগুলো বড় হলে আমাদের এলাকাটি আরও সুন্দর হয়ে উঠবে।”
রোজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রোপিত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
রোজ সংস্থার সহসভাপতি মোঃ জিয়াউর রহমান বলেন, “আমরা সামনে আরও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব এবং সবাইকে এই উদ্যোগে শামিল হতে উৎসাহিত করব।”
এই কর্মসূচি শুধু গাছ রোপণের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সম্প্রদায়কে পরিবেশ সচেতনতা এবং টেকসই উন্নয়নের সাথে সম্পৃক্ত করার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশ সুরক্ষায় সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।