রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে করণীয়’ বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত


প্রকাশ :

রংপুরে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয়’ বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা জুন) সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এই বিভাগীয় সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তামাকজাত দ্রব্য গ্রহণ অভ্যাসগত কাজ। এর ক্ষতিকর দিক জানা সত্ত্বেও মানুষ তা গ্রহণ করে। অভ্যাসগত কাজ দমন করা কঠিন। তবে নিয়ন্ত্রণ করা যায়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ফলে ধুমপানের ব্যাপকতা হ্রাস পেয়েছে। তামাক চাষ প্রসঙ্গে তিনি বলেন, তামাক চাষের ফলে মাটি বিষাক্ত হয়। এর প্রভাব পড়ে কৃষির অন্যান্য ফসলের ওপর। তাই তামাক চাষে কৃষকেরা যাতে নিরুৎসাহী হন; সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি তামাকজাত দ্রব্যের স্বাস্থ্যগত, আর্থিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংগ্রহণকারীগণ ধুমপান নিষিদ্ধ, তামাকের বিকল্প চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের যথাযথ প্রয়োগ প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বিএম আশারাফ উল্যাহ তাহের, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রংপুর বিভাগের উপপরিচালক ডাঃ মোঃ ওয়াজেদ আলী প্রমুখ।  

সেমিনারে রংপুরের বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।