সম্প্রতি এক ভার্চ্যুয়াল টকশোতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু দাবি করেন, বিএনপির সঙ্গে পর্দার আড়ালে ৫০-৭০টি আসন নিয়ে আলোচনা করেছে এনসিপি। তিনি বলেন, এই সমঝোতা হলে সেপ্টেম্বরেই নির্বাচন হতে পারে।
এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো আলোচনা হয়নি। এমন দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’
তিনি বলেন, এনসিপি দল গোছানোর স্বার্থে নয়, বরং বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাজ করছে। আওয়ামী লীগ আমলে ভোটাধিকার বাস্তবায়িত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এসব ছাড়া নির্বাচন একপেশে হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার করে নির্বাচন আয়োজন সম্ভব। যেনতেন নির্বাচন যেন ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, বরং গণতান্ত্রিক উত্তরণের পথ হোক—এটাই এনসিপির প্রত্যাশা।’