বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩০ মে) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, মহিলা দলের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা রোজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম আনন্দ, কৃষকদলের সভাপতি নুরুনবী মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দেশের ক্রান্তিকালে নেতৃত্ব গ্রহণ করে একটি 'তলাবিহীন ঝুড়ি' নামে পরিচিত দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তিনি দেশে সুশাসন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন।
বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে তার দেখানো পথে চললেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।