রংপুরে নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (২৯মে)সকালে রংপুর জেলার ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।হাতে-হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হয় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।এসময় বক্তব্য রাখেন, রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া, শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমূখ।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোরভাবে। তাঁদের এক মাত্র দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে।ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।‘আমাদের পেশা সেবাধর্মী।এই সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই।আমরা ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়।‘ডিপ্লোমা কোর্স গুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়বে।আমরা অপেক্ষায় আছি ইতিবাচক খবরের। নেতিবাচক কিছু এলে এখান থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।