রংপুরের তারাগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই’র উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌ: মুবিন উল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।রংপুর এবং উপজেলা প্রশাসন তারাগঞ্জের উদ্যোগে বুধবার (২৮ মে) সকালে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট অভিযানে পেট্রোল পাম্প, বেকারি এবং আইসক্রিম ফ্যাক্টরি সহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।সোনালী ফিলিং স্টেশন, তারাগঞ্জ, রংপুর কে তেলের পরিমাণে কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তারাগঞ্জ নতুন চৌপথিতে অবস্থিত আজমেরী বেকারিকে লাইসেন্স গ্রহণ না করায় একই আইনের ২৪(১)/৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। থানা পাড়ায় অবস্থিত প্রমি আইসক্রিম ফ্যাক্টরি এবং চয়েস আইস্ক্রিম ফ্যাক্টরিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারায় দুটি ফ্যাক্টরিকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি গুনগত মানসনদ গ্রহণ না করে বিএসটিআই হতে গুণগত মানসনদ গ্রহণ না করে আইসক্রিম উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিলো।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।