কারাবন্দি অবস্থায় থেকেও দেশজুড়ে বৃহৎ আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার বোন আলীমা খান জানিয়েছেন, আদিয়ালা কারাগারে অমানবিক অবস্থায় রয়েছেন ইমরান এবং পরিবারের সঙ্গেও যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় ইমরান খান পিটিআইকে পুনর্গঠনের নির্দেশ দেন এবং সরকারপন্থী সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করেছেন, কোনো আপস নয়—প্রয়োজনে আজীবন কারাবাসে থাকতে রাজি।
এদিকে পিটিআই সূত্র জানায়, দলের শীর্ষ নেতারা ইমরানের মুক্তির লক্ষ্যে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় রয়েছেন। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সংলাপ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতা হারানোর পর দুর্নীতির মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।