রংপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় মনিজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাইভাই মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরী পাড়ার আবু তালেবের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য মনিজা খাতুন বড়বিল মন্থনা বাজার থেকে অটোরিক্সা করে এসে ভাই-ভাই মোড়ে নেমে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় গঙ্গাচড়া বাজারের দিক থেকে আসা একটি অটোরিক্সা মনিজা খাতুনকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপরই অটোরিক্সা রেখে পালিয়ে যায় চালক।
ওসি আল এমরান বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগনা থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।