দেশব্যাপী নকল নবীশদের চাকরি জাতীয়করণ ও পদ সৃজন প্রস্তাব দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “আমরা সরাসরি জনগণকে সেবা দিয়ে থাকি এবং সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। দেশের ৪৯৭টি সাব রেজিস্ট্রি অফিসে ১৫,৬৮২ জন অস্থায়ী নকল নবীশ দলিল রক্ষণাবেক্ষণ, সূচিকরণসহ নানাবিধ কাজ নিষ্ঠার সাথে করে আসছেন। অথচ আমাদের নেই কোনো নির্ধারিত বেতন-ভাতা বা সরকারি স্বীকৃতি। বছরের পর বছর ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে এলেও তার বাস্তবায়ন হয়নি। বর্তমানে দেশে উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আশাবাদী, এই বৈষম্যের অবসান ঘটবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা।
পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।