লালমনিরহাটের আদিতমারীতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। দ্বিতীয়বার বিয়ে করে নববধূ রুমানা খাতুনকে ঘরে তুলেছিলেন হোসেন আলী। পরদিনই তিনি এক লাখ ৩৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুমানার সঙ্গে থাকা খালাতো বোন, ঘটক জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম এবং নিকাহ রেজিস্টার কাজী আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন হোসেন আলী।
ভুক্তভোগী জানান, বিয়ের পরদিন সকালে অসুস্থ বাবার কথা বলে রুমানা ঘর থেকে বেরিয়ে যান এবং ফেরেননি। পরে দেখা যায় ঘরের নগদ টাকা ও স্বর্ণও উধাও।
স্থানীয়দের দাবি, রুমানা একটি চক্রের সদস্য, যারা বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। পুলিশ বলছে, এটি চুরি চক্রের নতুন কৌশল হতে পারে, তদন্ত চলছে।