রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে তিন সাংবাদিকের ওপর হামলা


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব তার দলবল নিয়ে স্থানীয় আয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভিডিও ধারণের চেষ্টা করলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়।

আহত তিন সাংবাদিক হলেন—দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম এবং দৈনিক গণতদন্তের জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।

আহত সাংবাদিকরা জানান, “আজ সকালে সাপ্টিবাড়ী এলাকায় ধর্ষণচেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব জামিনে বের হয়ে বাদী পক্ষ আয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ খবর পেয়ে আমরা তিন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও সংগ্রহ করতে গেলে হাবিব ও তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।”

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”