লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় সফিরহাট বাজারের পান-সুপারির ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে তিনি ছেলেসহ নিজের জমিতে ভুট্টা তুলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে লেবু মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।