রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রূপপুর প্রকল্প ‘বন্ধের ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন


প্রকাশ :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধে ‘ষড়যন্ত্রমূলক’ আন্দোলনের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক সমাজ ঈশ্বরদী’। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বর ও শহরের ফকিরের বটতলা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি, রিকশা চালক সমবায় সমিতি, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

লিখিত বক্তব্যে এস. এম. ফজলুর রহমান বলেন, “দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় সৃষ্ট বিশৃঙ্খলার ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ অনিশ্চয়তায় পড়ছে। প্রকল্পের ৯৪ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলতি মাসেই গ্রিড লাইনের কাজ শেষ হওয়ার কথা। ডিসেম্বরে স্টার্টআপ নির্ধারিত রয়েছে। এই অবস্থায় চলমান আন্দোলন অশুভ সংকেত দিচ্ছে।”

তিনি আরও বলেন, “কর্মীদের চাকরিসংক্রান্ত যৌক্তিক দাবি থাকতেই পারে, তবে তারা নিয়মতান্ত্রিক পথ পরিহার করে হঠকারী আচরণ করছে, যা স্পষ্টভাবে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রকল্পের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি বলেন, “রূপপুর প্রকল্পের মাধ্যমে ঈশ্বরদীর আর্থ-সামাজিক চিত্র বদলে গেছে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর পথ তৈরি হবে। ব্যর্থ হলে পুরো এলাকার অর্থনীতি হুমকির মুখে পড়বে।”

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন বলেন, “আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার নজরদারিতে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এলাকায় আন্দোলন নজিরবিহীন। এতে শুধু নিরাপত্তাই নয়, প্রকল্পের লাইসেন্স প্রক্রিয়াও হুমকিতে পড়ছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ লিটন, শামসুজ্জোহা পিপপু, আমিনুল ইসলাম স্বপন, মনিরুজ্জামান টুটুল, নারী নেত্রী সাথী খাতুন এবং ছাত্র নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।