পুলিশ ও স্বজনরা জানান, রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন এবং সদর উপজেলার মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে আসে। বিকেল পাঁচটার দিকে তারা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে একে একে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। যেহেতু এটি নিছক দুর্ঘটনা এবং পরিবারের কোনো অভিযোগ নেই, তাই ময়নাতদন্ত ছাড়াই দাফনে কোনো বাধা নেই।