গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মজিদ একই গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, করতোয়া নদীর চর এলাকায় এক বিঘা জমির মালিকানা নিয়ে মৃত আব্দুর রহমানের পুত্র আমিরুল ইসলাম ও আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ফসল কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আব্দুল মজিদসহ ছয়জন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাজেল ও আমিরুলকে বগুড়ায় পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”