লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) সামাজিক সংস্থার উদ্যোগে একদিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ। "রক্তের পরিচয় জানুন, মানবতার পাশেই থাকুন" এবং "নিজের রক্তের গ্রুপ জানুন, অন্যকেও সচেতন করুন!"—এই দুটি মূল বার্তা নিয়ে আয়োজিত ক্যাম্পেইনটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানুষের জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই আয়োজন। এতে স্কুল শিক্ষার্থী, অভিভাবক, যুবসমাজসহ নানা বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজ সংস্থার কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। তারা বলেন, “এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক—এই প্রত্যাশা আমাদের।”
উল্লেখ্য, রোজ সামাজিক সংস্থা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ছিল তাদের মানবিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ ধাপ।