রংপুরে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আবু বকর সিদ্দীক বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রংপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার(২৮ এপ্রিল) স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মে কলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দিয়েছেন। এতে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ২০০৪ সাল। যা তদন্তে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। তাই ইউপি চেয়ারম্যান সিদ্দীককে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় তাকে পদ থেকে কেন অপসারণ করা হবে না, তা চিঠিপাওয়ার দশ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে। একই সাথে তাকে চুড়ান্ত ভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে দশ কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
এ ব্যাপারে দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক বলেন, আমি কোন রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেইনি। স্থানীয়সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার পরপরই আমি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি।