বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের 'একনিজ ফিড মিল'এর ট্রান্সফরমার রুম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
একনিজ ফিডমিলের নাইটগার্ড আব্দুল খালেক জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে তিনি দেখতে পান ফিডমিলের পাশে বৈদ্যুতিক খুঁটির হাইভোল্টেজ তার বিচ্ছিন্ন। বিষয়টি দেখে তিনি ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন এবং সেখানে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় যুবকের শরীরে ট্রান্সফরমারের তার পেঁচানো ছিল। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা ওই যুবক মারা গেছেন। ঘটনাস্থল থেকে মরদেহের পাশাপাশি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।