রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে রংপুরের হারাগাছের ওসিয়ত আলীর ছেলে আক্কাস আলী (৬২), শ্যামপুরের আব্দুল শেখের ছেলে ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর জায়গীরের আব্দুল বাতেনের স্ত্রী মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাট হাতিবান্ধার মনিয়ান শেখের ছেলে আবতার আলীর (৬০) চোখের ছানি অপারেশন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই সাথে তাদের চশমা, ঔষধ প্রদান করা হয়। পরিবারের অবহেলিত এসব সদস্য চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার (৫ মার্চ) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে অপারেশন হওয়া রোগীদের সাথে কুশল বিনিময় করেন, ৬৬ পদাতিক ডিভিশনের ওজিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল রংপুরের কমান্ড্যান্ট কর্ণেল একে এম জহির হোসেন খান বলেন, অস্বচ্ছল যাদের ছানি অপারেশন করা প্রয়োজন এমন ব্যক্তিদের নির্বাচন করে আমরা বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করেছি। রমজানের পর পর্যায় ক্রমে আমাদের চক্ষু সেবা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে।
উল্লেখ্য গত, ২০ ফেব্রুয়ারী রংপুর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনোস্টিক সেন্টারে বিনা মূল্যে চক্ষুসেবা ও চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৩৩৬ জন রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান সহ ৪৫ জন রোগীকে চশমা দেওয়া হয়। বেসরকারী ভাবে ব্যয় বহুল চোখের ছানি অপারেশনের ব্যয় ভার বহন করছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।