রমজানের পবিত্রতা রক্ষায় ১২ ঘন্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙ্গে ফেলার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। শনিবার (১ মার্চ) দুপুরে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে সংগঠনের জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সভাপতি মুফতি আব্দুরর হমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এজিএম গোলাম মোস্তফা, মহানগরের সাধারণ সম্পাদক আমিরু জ্জামান পিয়ালসহ অন্যরা।
বক্তারা বলেন, রমজান মাস আসলেই বাজার সিন্ডিকেট বেশি মুনাফার লোভে বাজারে পণ্যের স্বল্পতা দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। এসি রুমে বসে থেকে প্রশাসন কখনই বাজার সিন্ডিকেট ভাঙতে পারবেনা। প্রশাসন না পারলে আমাদের সহযোগিতা নিতে পারে। আমরা ১২ ঘন্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙ্গে ফেলার দাবী জানাচ্ছি। যদি প্রশাসন এটি করতে না পারে তবে আমরা দায়িত্ব পেলে তিনদিনের মধ্যে বাজার ঠিক করে দেব।
তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আরেকটি চাঁদাবাজ দল মাথাচাড়া দিয়েছে। কিন্তু অন্তর্বর্তীসরকার কিছুই করছেনা। প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে এসব চাঁদাবাজদের কালোহাত ভেঙ্গে দিতে পারে। এ সরকারের সাত মাস হয়ে গেলেও তারা এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেননি। এই রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দেশব্যাপী একটি চমক তৈরি করুন, যাতে জনগণ কিছুটাহলেও আপনাদের ওপর সন্তুষ্ট হয়। আমরা হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে আমরা সকল হোটেল-রেস্তোরাঁ মালিকদের বিকেল চারটার আগে দোকাননা খোলার আহ্বান জানাই। পাশাপাশি যারা রমজানেও খোলামেলা পরিবেশে খাবার খান, ধুমপান করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়াও রমজান মাসে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে সব ধরণের সিনেমাহল বন্ধ রাখার দাবি জানাচ্ছি।সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের ব্যানারে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।