রংপুর নগরীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় স্কুলশিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক ফারুক হোসেন শাহ নগরীর হারাগাছ থানার রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধুকমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, গত ২৩ ফেব্রুয়ারি নগরীর বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা স্কুলমাঠে খেলা করছিল। এই সুযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যান। সেখানে ওই ছাত্রীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করেন ফারুক হোসেন।পরে মেয়েটি বাড়ি গিয়ে ঘটনার বিষয়টি বাবা-মাকে জানায়। ঘটনা জানাজানি হলে সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষকের বিচার দাবি করে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ভিকটিম মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়।এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে বধুকমলা গ্রামের নিজ বাড়ি থেকে শিক্ষক ফারুককে গ্রেফতার করে পুলিশ।