রংপুরে সোনালী ব্যাংকের ঋণ খেলাপীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণে শাখা ব্যবস্থাপকদের তাগিদ দিয়েছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী খান এ তাগিদ দেন।
তিনি বলেন, ঋণ খেলাপী সকলদের জন্য একই আইন। তাদের ব্যাংকের গ্রাহক ছাড়া অন্য কোন দৃষ্টিতে দেখার সুযোগ নেই। খেলাপী আদায়ের জন্য নিয়ম অনুযায়ী যা করনীয় তাই করবে সোনালী ব্যাংক।
তিনি বলেন, ২০২৫ সালে ব্যাংকিং কার্যক্রমে সেবা ও মান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। ঢাকার বাহিরের গ্রাহকরা যেন উন্নত ব্যাংকিং সেবা সহ তারা ব্যবসা-বাণিজ্যে সাপোর্ট পায় সেদিকে শাখা কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া উৎপাদন শীল ক্ষেত্রে কিভাবে ব্যাংকিং সহায়তা বাড়ানো যায় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। গ্রাহকরা যেন ঝামেলা মুক্ত ভাবে ঋণ পান সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
রংপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার আমিনুর ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবুতাহের ও দিনাজপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান মজুমদার। সম্মেলনে সোনালী ব্যাংক রংপুর ও দিনাজপুর জেলার প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল অফিস সহ সকল শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।