রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু,প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশ :

রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি)রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর প্রতিবাদে শিশু শিক্ষার্থী ও এলাকা বাসী মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফিরছিল। সে মাহিগঞ্জ-পাওটানা সড়কে আসলে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বুধবার(১৯ ফেব্রুয়ারী) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা সড়কে গতিরোধক, ট্রাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনের কারণে রাস্তার দুইপাশে শত-শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী নুর মোহাম্মদ শুভ বলেন,সড়ক নির্মাণের সময় আমরা মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবি জানিয়ে আসছিলাম কর্তৃপক্ষ সেই দাবি বাস্তবায়ন করেনি। এজন্য জান্নাতের মত মেধাবী শিক্ষার্থীকে আজ প্রাণ দিতে হলো।  

দারুল এহসান মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম বলেন, আমতলা-পাওটানা সড়কে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই সড়কে সকল যানবাহন দ্রুত গতিতে চলাচল করে। এলজিইডি যদি সড়ক নির্মাণের সময় যদি স্পিড ব্রেকার দিতো, তাহলে এই সড়কে শিক্ষার্থীর মৃত্যু হতো না।  

আমতলা বিদ্যাপিঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, জান্নাত আমার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।ঘাতক অটোচালকের শাস্তি সহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

নগরীর মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ‘শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখনো কোন মামলা হয়নি।