‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হত্যা, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য মারাত্মক সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় আসামী মোঃ আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা মিলে ভয়াবহ বর্বরতায় ভিকটিম মোছাঃ জুঁই আক্তার (২০)-কে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে আসামী মোঃ আলী হোসেন (২৪) ভিকটিমের বুকের ওপর উঠে পড়ে এবং দুই হাতে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে জানা যায়, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ১৮:৩০ ঘটিকায় ভিকটিমের বাবা মোঃ জাহিদুল ইসলাম (৪১) বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি স্থানীয় জনগণ, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তীতে, র্যাব-১৩, সিপিএসসি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৯:১০ ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা থানাধীন নওতারা বাজার সংলগ্ন ভাটিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলী হোসেন (২৪)গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই সাফল্য এলাকায় স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।