রংপুর নগরীর তাজহাট এলাকায় ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর বুধবার দুপুর সোয়া ২ টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৩টার দিকে আগুন লাগে। অগ্নিকান্ডে কোটি টাকার তামাকসহ অন্যান্য মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
ভরসা গ্রুপের কর্মচারীরা জানান, রাত ৩ টার দিকে গোডাউনের ভেতরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন ধরেছে বলে তারা দাবি করেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনোয়ারুল হক জানান, রাত তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা পুরো গোডাউন সহ এলাকায় ছড়িয়ে পড়লে পরে আরো ৩টি ইউনিট সহ ৫টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।