রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯শে জানুয়ারি) সকালে গংগাচড়া উপজেলার গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তরুণেরাই আগামীর দিক নির্দেশক। এজন্য তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে। তারুণ্যের উৎসব, ২০২৫ তরুণদের মধ্যে জাতীয় ঐক্য স্থাপন, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রচার, পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থার রংপুর বিভাগীয় প্রতিনিধি মোঃ মামুন ইসলাম, গজঘন্টা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল খালেক প্রমুখ। আলোচনা সভায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
#