রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উদ্‌যাপিত


প্রকাশ :

‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি'—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। রবিবার (২৬শে জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সম্মেলনকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত কর কমিশনার বলেন, যে দেশের কাস্টমস যত বেশি দক্ষ, সে দেশ বাণিজ্য প্রসারে তথা অর্থনৈতিক উন্নয়নে তত বেশি অগ্রসর। বর্তমান কাস্টমস ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকীকরণের ফলে কাজের মান ও পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে।  

পণ্যচালান প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি কাস্টমস হাউজে পণ্যচালান খালাসোত্তর নিরীক্ষা ইউনিট চালু হওয়ায় আমদানিকৃত পণ্যের চালান পরীক্ষা ছাড়াই খালাস করা সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন বন্দরের পণ্য জট কমছে, অন্যদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর হয়েছে। সরকার ই-এলসি, ই-এক্সপি ও ই-পেমেন্ট চালু করায় বাণিজ্যের প্রসার ঘটছে। এছাড়াও সাইবার সিকিউরিটি নিশ্চিতকল্পে দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তার অংশ হিসাবে ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে। শুল্ক কর পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান ইলেকট্রনিক পদ্ধতিতে ঘরে বসেই শুল্ক কর পরিশোধ করা যাচ্ছে, যা সময় ও খরচ হ্রাস পেয়েছে। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সংশ্লিষ্ট নাগরিকগণকে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারের শুরুতে উপ কর কমিশনার মোঃ হাবিবুর রহমান মূল প্রবন্ধে শুল্কায়ন ও পণ্য খালাস, আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজস্ব আদায় ও অর্থনৈতিক সমৃদ্ধি, অটোমেশন প্রক্রিয়ায় ব্যাবসার ঝুঁকি প্রশমন, বাণিজ্য সহজিকরণ, ব্যাবসার খরচ ও সময় কামানো, আমদানি ও রপ্তানি কাজে গতিশীলতা আনয়ন প্রভৃতি বিষয় উপস্থাপন করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর অতিরিক্ত কমিশনার মোঃ জিয়াউর রহমান খান, রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।