রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাংবাদিকদের উপর হামলা মামলা হয়রানি বন্ধের দাবিতে শনিবার রংপুরে বিভাগীয় সাংবাদিক সমাবেশ


প্রকাশ :

সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ ডেকেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক সহ দেশের সব সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানানো হবে সমাবেশ থেকে।

শনিবার (১১ জানুয়ারি) ঐতিহাসিক রংপুর টাউন হলে সকাল ১১টায় এই বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।

সমাবেশ থেকে সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি তোলা হবে জানিয়েছেন আয়োজকরা।বিভাগীয় সমাবেশে রংপুর বিভাগের ৮ জেলা ও সব উপজেলার সব সাংবাদিকের অংশ নেয়ার কথা রয়েছে।

সমাবেশের উদ্বোধন করবেন ২৪ এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী।বিশেষ অতিথি থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্ষদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং রংপুর পুলিশ সুপার আবু সাইম।

সমাবেশে বক্তব্য দিবেন জাতীয় ও বিভাগীয় সাংবাদিকরা।সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। পুরো সমাবেশে সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

এ সমাবেশের প্রস্তুতির সার্বিক তথ্য জানান সাংবাদিক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাদশাহ ওসমানী  বলেন, এটাই রংপুর বিভাগে প্রথম কোনো সাংবাদিকদের অধিকার নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে ঘিরে গত এক মাস থেকে প্রস্তুতি চলছে। বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি মিটিং করা হয়েছে। যাতে করে এই বিভাগীয় সমাবেশ সফল হয় এবং সাংবাদিকরা আমরা যাতে আমাদের অধিকার আদায় করতে পারি।

সাংবাদিক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য হুমায়ুন কবীর মানিক বলেন, সাংবাদিকদের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সব প্রকার প্রচারণা শেষ পর্যায়ে পোস্টার, লিফলেট, ব্যানার লাগানো হয়েছে। এখন নগরীতে মাইকিং চলছে। সাংবাদিকরা আয়োজনের দিন পর্যন্ত অপেক্ষায় আছেন।নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছে। আশা করছি একটি সফল বিভাগীয় সমাবেশ রংপুরে অনুষ্ঠিত হবে। যা দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, নিজেদের প্রয়োজনে, নিজেদের অধিকার আদায়ের বড় সুযোগ এসেছে। এখনই সময় সাংবাদিকদের অধিকার বুঝে নেয়ার। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। রংপুর বিভাগের সব পর্যায়ের সাংবাদিকরা পজেটিভ।সেদিন সমাবেশে এসে নিজেদের অধিকারের কথা বলবেন।