রংপুর মেডিকেল হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন। তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে বলে আন্দোলন কারীরা জানান।
রোববার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্নাতকোত্তরের চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন,স্নাতকোত্তর চিকিৎসক ফরহাদ আখতার, লিমা মনি ঘোষ প্রমুখ।
স্নাতকোত্তর চিকিৎসক ফরহাদ আখতার বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ১৩ হাজার স্নাতকোত্তর অধ্যয়নরত চিকিৎসক কর্মরত আছেন। স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকেরা মাসে ২৫ হাজার টাকা করে ভাতা পান। এ ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি করে আসছেন তাঁরা।
আন্দোলনরত চিকিৎসকেরা বলছেন, বর্তমান বাজারে ২৫ হাজার টাকায় সংসার চালানো কঠিন। স্নাতকোত্তরের চিকিৎসকেরা উচ্চশিক্ষার জন্য দুই থেকে পাঁচ বছরের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ সময় তাঁরা হাসপাতালের বাইরে অন্য কোথাও সেবা দিতে পারেন না। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাঁদের ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে বলে আন্দোলন কারীরা জানান।
এদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আন্দোলনকারীদের অনেক চিকিৎসককেই সেবা কার্যক্রমে দেখা যায়নি। চিকিৎসকদের আন্দোলনের কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। প্রত্যাশিত সেবা পেতে ভোগান্তি বাড়ায় সাধারণ রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশিকুর রহমান জানান, আমাদের কলেজে এখনো কর্মবিরতি শুরু হয়নি। ঢাকায় আলাপ আলোচনা চলছে। আন্দোলনকারীদের দাবি আমরা ঢাকায় জানিয়েছি। আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান হবে।